বগুড়ায় আতিকুর হত্যা মামলার পলাতক আসামি ঝিনাইদহে গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদর থানার চাঞ্চল্যকর আতিকুর রহমান সাগর হত্যা মামলার এজাহারনামীয় ১০ নম্বর পলাতক আসামি মো. জাহিদ মন্ডলকে (১৯) ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া ও র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ মন্ডল বগুড়া সদর উপজেলার পাঁচবাড়ীয়া এলাকার মো. জিলহাজ মন্ডলের ছেলে।
র্যাব জানায়, গত ২৩ জুলাই রাত আনুমানিক ২টার দিকে পূর্বশত্রুতার জের ধরে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বগুড়া সদর থানার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ী এলাকায় আতিকুর রহমান সাগরের পথরোধ করে হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে হামলাকারীরা বৈদ্যুতিক শক দেওয়ারও চেষ্টা করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত আতিকুর রহমান সাগরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৪ জুলাই বগুড়া সদর থানায় হত্যা মামলা করা হয়।
র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামি জাহিদ মন্ডল গ্রেপ্তার এড়াতে ঝিনাইদহ সদর থানার জোহান পার্ক এলাকায় অবস্থান করছেন। পরে র্যাব-১২ ও র্যাব-৬-এর যৌথ দল বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জাহিদ মন্ডলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, অপরাধ দমনে এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।