কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
মোঃ মোকাররম হোসাইন
জয়পুরহাট প্রতিনিধি:
২৩.৮.২৬
জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রবিবার বিকেল পাঁচ ঘটিকায় হঠাৎ কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্হিত হন স্বাস্হ্য মন্ত্রী,এ সময় তিনি হাসপাতালের চিকিৎসা কার্যক্রম, রোগীদের সেবার মান ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। প্রতিটি উপজেলা পর্যায়ে ১০১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিসের জন্য ১০টি শয্যার ব্যবস্থা করা হবে। এতে কিডনি রোগীদের মাসের পর মাস ডায়ালাইসিসের জন্য সিরিয়ারে অপেক্ষা করতে হবে না।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো হলে সাধারণ মানুষ নিজ এলাকার কাছেই প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাবেন।
পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তারা যথাযথ চিকিৎসা ও ওষুধসহ প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের সঙ্গেও কথা বলে তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হন।
এ সময় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবস্থিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (মেটস) ইনস্টিটিউটের কার্যক্রম পুনরায় চালুর বিষয়েও ভাবনাচিন্তার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনকালে তিনি জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীকে ফোন করে জয়পুরহাটে সম্ভাব্য মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের বিষয়ে আলোচনা করেন। তিনি জানান, জয়পুরহাটে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য অনুকূল পরিবেশ রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে জয়পুরহাটের জেলা প্রশাসক, জেলা সিভিল সার্জন, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ জেলা ও উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।