১ আশ্বিন, ১৪৩৩

১৬ সেপ্টেম্বর, ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, বগুড়ায় মোবাইল কোর্টের অভিযান

বগুড়া প্রতিনিধিঃ প্রকাশিত: অগাস্ট ২৩, ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, বগুড়ায় মোবাইল কোর্টের অভিযান

 

বগুড়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক-বিস্কুট তৈরি এবং নষ্ট ও ভাঙা ডিম ব্যবহারের অভিযোগে ‘মি. কেক’ নামের একটি কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানায় সংরক্ষিত ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী উত্তর-মধ্যপাড়ায় অবস্থিত ‘মি. কেক’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন, বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমান এবং মো. কাজিম রেজা চৌধুরীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এসব অনিয়ম ধরা পড়ে।

অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে নষ্ট ও ভাঙা ডিম ব্যবহার করে জন্মদিনের কেক তৈরি করা হচ্ছে। পাশাপাশি অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও বিস্কুট উৎপাদন এবং তৈরি খাদ্য সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া খাদ্য উৎপাদনে নিয়োজিত কর্মীদের ন্যূনতম স্বাস্থ্যবিধিও অনুসরণ করতে দেখা যায়নি।

এসব অপরাধে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে কেক তৈরির জন্য সংরক্ষিত ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম বিধি অনুযায়ী জব্দ করা হয় এবং পরে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস দল।

পরে অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের প্রচলিত সব আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।