বগুড়ায় ১৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা
বগুড়া সদর উপজেলার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে স্টেশন রোড এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাজাহানপুর উপজেলার মাঝিরা গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. সিয়াম ফকির (২০), সারিয়াকান্দি উপজেলার কলোনিপাড়া হিন্দুকান্দি এলাকার মো. মোহাম্মদ আলীর ছেলে মো. সোহান ইসলাম (২৩) এবং বগুড়া সদর উপজেলার রাজাবাজার এলাকার মির্জা সেলিম রেজার ছেলে মো. সাগর রেজা (২৮)।
ডিএনসি সূত্রে জানা যায়, ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাজিম রেজা চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় স্বপ্নপুরী হোটেলের সামনে থেকে ওই তিনজনকে ১৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে সিয়াম ফকির ও সোহান ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অপর আসামি সাগর রেজাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৬০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ডিএনসি জানায়, জব্দ করা গাঁজা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।
মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।