মোবাইল হাতে স্কুলে ঢুকলেই বিপদ! টিকটক-রিলস বন্ধে চোপীনগর উচ্চ বিদ্যালয়ে কড়া নির্দেশনা
সুজন শাজাহানপুর বগুড়াঃ
শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার, ভিডিও বানানো ও বিদ্যালয়ের নাম ব্যবহার করে অনলাইন কার্যক্রমে নিষেধাজ্ঞা
বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরির বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা ও বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে বিদ্যালয় চলাকালীন মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি টিকটক, ফেসবুক রিলসসহ বিভিন্ন ধরনের ভিডিও তৈরির সঙ্গে কোনো শিক্ষার্থী জড়িত থাকলে তার বিরুদ্ধে বিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
বিদ্যালয়ের নাম ব্যবহার করে কোনো শিক্ষার্থী ফেসবুক অ্যাকাউন্ট, পেজ কিংবা টিকটক আইডি খুলে অপপ্রচার চালালেও নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে কোনো শিক্ষার্থী জড়িত থাকলে অভিভাবকদের বিষয়টি অবহিত করার কথাও বলা হয়েছে।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরও কোনো শিক্ষার্থীকে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখলে সরাসরি ব্যবস্থা না নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
চোপীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আক্তার বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা ও শৃঙ্খলাবদ্ধ রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে এর আগেও শ্রেণিকক্ষে নোটিশের মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছিল।
বিদ্যালয়ের এমন কঠোর নির্দেশনাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। কেউ উদ্যোগটিকে শৃঙ্খলা রক্ষায় কার্যকর মনে করছেন, আবার কেউ বিষয়টি নিয়ে নানা প্রশ্নও তুলছেন।