১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

জালশুকা পাকুড়তলায় মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: অগাস্ট ২৫, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
জালশুকা পাকুড়তলায় মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড

জালশুকা পাকুড়তলায় মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড

 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা পাকুড়তলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে প্রসেনজিৎ নামে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার জালশুকা হিন্দুপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ অভিযান পরিচালনা করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ও শাজাহানপুর উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।

 

অভিযানকালে প্রসেনজিৎকে গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নকারী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের একটি বাঁশি উদ্ধার করা হয়।

 

পরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবন ও জনশান্তি বিঘ্নের বিষয়টি প্রমাণিত হলে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

সংশ্লিষ্টরা জানান, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।