আক্কেলপুরে হাসপাতালে রোগী রেখে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, ঘিরে ধরলেন স্থানীয়রা
মোঃ মোকাররম হোসাইন
জয়পুরহাট প্রতিনিধি:
২৬.৮.২৬
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখার দায়িত্বে থাকা অবস্থায় পাশের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ সময় তাঁকে ঘিরে ধরেন স্থানীয় লোকজন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ গিয়ে তাঁকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যায়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আক্কেলপুর শহরের দি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চিকিৎসক হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোর্শেদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হাসপাতালের চেম্বারে রোগী দেখছিলেন ডা. মোর্শেদুল ইসলাম। এ সময় একটি ফোন পাওয়ার পর তিনি চেম্বার থেকে বেরিয়ে যান। তখন তাঁর চেম্বারের সামনে কয়েকজন রোগী অপেক্ষা করছিলেন।
পরে স্থানীয় কয়েকজন তাঁর পিছু নিয়ে হাসপাতালের পাশের দি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে চিকিৎসককে রোগী দেখার সময় দেখতে পান তাঁরা। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাঁকে ঘিরে ধরেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিকিৎসককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের চেম্বারের সামনে রোগী ও স্বজনদের অপেক্ষা করতে দেখা যায়। এতে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
হাসপাতালে চিকিৎসকের অপেক্ষায় থাকা এক রোগীর স্বজন নিলয় বলেন, ‘অসুস্থ বোনকে নিয়ে হাসপাতালে এসে দেখি ডাক্তার নেই। তাই অপেক্ষা করছি।’
আরেক রোগী সুমনা আক্তার বলেন, ‘হাত-পায়ের ব্যথার জন্য চিকিৎসা নিতে এসেছিলাম। ডাক্তার একটি ফোন পেয়ে বাইরে গেছেন বলে জানতে পেরেছি। এখন তাঁর অপেক্ষায় আছি।’
স্থানীয় যুবক রিফাত হোসেন অভিযোগ করেন, ওই চিকিৎসক নিয়মিত হাসপাতালের দায়িত্ব ফেলে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন বলে তাঁরা শুনেছেন। তাঁর ভাষায়, ‘সরকারি হাসপাতালে সাধারণত নিম্ন আয়ের মানুষ চিকিৎসা নিতে আসেন। চিকিৎসকেরা দায়িত্ব ফেলে বাইরে গেলে সাধারণ মানুষই ভোগান্তিতে পড়বেন।’
দি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রাসেল আহম্মেদ বলেন, ডা. মোর্শেদুল ইসলাম তাঁদের প্রতিষ্ঠানে এসে রোগী দেখেছেন। তবে হাসপাতালের দায়িত্বের সময় কেন তিনি সেখানে এসেছেন, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়।
অভিযোগের বিষয়ে ডা. মোর্শেদুল ইসলাম বলেন, ‘ডায়াগনস্টিক সেন্টার থেকে ফোন পেয়ে এখানে এসেছি। হাসপাতালে সে সময় কোনো রোগী ছিল না।’
তবে স্থানীয়দের দাবি, চিকিৎসক যখন ডায়াগনস্টিক সেন্টারে ছিলেন, তখন হাসপাতালের চেম্বারের সামনে রোগীরা অপেক্ষা করছিলেন।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ ঘটনাস্থলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. আল-মামুন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।