বগুড়ায় হিমাগারে আলু সংরক্ষণে কেজিপ্রতি
৫.২০টাকা ভাড়া কার্যকরের দাবিতে মানববন্ধন
বগুড়া প্রতিনিধি:
জেলা প্রশাসনের নেতৃত্বে প্রতিটি জেলায় গঠিত সুপারিশ কমিটির সুপারিশ মোতাবেক প্রতি কেজি আলু সংরক্ষণের হিমাগার ভাড়া ৫ টাকা ২০ পয়সা কার্যকর করার দাবিতে বগুড়ায় মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় বগুড়া শহরের মাটিডালী বিমান মোড়ে সর্বস্তরের আলু চাষি ও ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে আলু চাষি, ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আলু উৎপাদন ও সংরক্ষণে কৃষক ও ব্যবসায়ীরা নানা ধরনের ব্যয় বহন করছেন। হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধি পেলে উৎপাদনকারী ও ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে। এতে বাজারে আলুর দামের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বক্তারা আরও বলেন, জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত সুপারিশ কমিটির সুপারিশ অনুযায়ী প্রতি কেজি আলু সংরক্ষণের হিমাগার ভাড়া ৫ টাকা ২০ পয়সা নির্ধারণের বিষয়টি কার্যকর করা হলে আলু চাষি ও ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা দ্রুত এ ভাড়া কার্যকরের দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে আলু চাষি ও ব্যবসায়ীদের স্বার্থে নির্ধারিত ভাড়া বাস্তবায়নসহ হিমাগার সংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।