১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় চুড়িপট্টি দোকান মালিক সমিতির প্রীতি ফুটবল ফাইনাল: ফেন্সী হাতেম মার্কেট চ্যাম্পিয়ন

বগুড়া প্রতিনিধিঃ প্রকাশিত: অগাস্ট ২৮, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
বগুড়ায় চুড়িপট্টি দোকান মালিক সমিতির প্রীতি ফুটবল ফাইনাল: ফেন্সী হাতেম মার্কেট চ্যাম্পিয়ন

বগুড়ায় চুড়িপট্টি দোকান মালিক সমিতির প্রীতি ফুটবল ফাইনাল: ফেন্সী হাতেম মার্কেট চ্যাম্পিয়ন

 

বগুড়ার ঐতিহাসিক করোনেশন স্কুল মাঠে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে চুড়িপট্টি দোকান মালিক সমিতির উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল খেলায় ঘোষ মার্কেটকে পরাজিত করে ফেন্সী হাতেম মার্কেট জয়লাভের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

চুড়িপট্টি দোকান মালিক সমিতির সভাপতি আশরাফ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং সমিতির ক্রীড়া সম্পাদক শ্রী আশীষ কুমার মোহান্তের সার্বিক আমন্ত্রণে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

 

প্রধান অতিথির বক্তব্যে এম আর ইসলাম স্বাধীন বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং সামাজিক সৌহার্দ্য বৃদ্ধির অন্যতম প্রধান হাতিয়ার। আজকের এই জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্ট স্থানীয় ব্যবসায়ী ও তরুণদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে। বগুড়ার ক্রীড়াঙ্গনের অতীত গৌরব ফেরাতে এবং সুস্থ ধারার সমাজ গঠনে ক্রীড়া প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। আমাদের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে মাঠমুখী করতে এ ধরনের আয়োজন নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে হবে। শহরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতির চর্বাচর্চায় আমরা সর্বাত্মক সহযোগিতা বজায় রাখবে। পরিশেষে সুন্দর এ আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ এবং বিজয়ী ও পরাজিত উভয় দলকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি বলেন, যুবসমাজই একটি দেশের মূল চালিকাশক্তি। তরুণ ও যুবদের ঐক্যবদ্ধ করে দেশ গঠন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় খেলাধুলার ভূমিকা অপরিসীম। চুরিপট্টি দোকান মালিক সমিতি প্রীতি টুর্নামেন্টের আয়োজন করে ব্যবসায়ী সম্প্রদায়ের পাশাপাশি সাধারণ যুবকদের মাঝে যে উদ্দীপনা সৃষ্টি করেছে তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে ক্রীড়াঙ্গনের যেকোনো ইতিবাচক উদ্যোগে যুবদল পাশে থাকবে।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, বগুড়া শহর যুবদলের অন্যতম সদস্য সুজিত জয়সোয়াল, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিলটন, রফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর হোসেন খলিফা, কালাম শেখ এবং আবু বক্কর সিদ্দিক শুভ।

উত্তেজনাপূর্ণ খেলা শেষে অতিথি বৃন্দ বিজয়ী দল ফেন্সী হাতেম মার্কেট ও রানার্সআপ ঘোষ মার্কেটের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী ও স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।