১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষে বগুড়ায় শ্রুতিনন্দন সঙ্গীত বিদ্যালয়'র আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাজেদুর রহমান প্রকাশিত: অগাস্ট ২৯, ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
নজরুল বর্ষ উপলক্ষে বগুড়ায় শ্রুতিনন্দন সঙ্গীত বিদ্যালয়'র আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নজরুল বর্ষ উপলক্ষে বগুড়ায় শ্রুতিনন্দন সঙ্গীত বিদ্যালয়'র আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

মাজেদুর রহমানঃ

কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

 

নজরুল বর্ষ উপলক্ষে শনিবার সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

শ্রুতিনন্দন সঙ্গীত বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট খন্দকার শহিদুল হাসান (পলাশ) খন্দকার।

 

শ্রুতিনন্দন সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক মুরাদ সিদ্দিকী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ, বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির সহ-সভাপতি শাফি আহম্মেদ মিঠু, বগুড়া সাংস্কৃতিক ফোরামের কার্যনির্বাহী সদস্য নজিবর রহমান, আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর পরিচালক লায়ন আব্দুল মোবিন জিন্নাহ এবং অ্যাডভোকেট মর্তুজা।অনুষ্ঠান সঞ্চালনা করেন তাসনিম ত্রয়ী।

 

আলোচনা পর্বে বক্তারা কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সৃষ্টিশীলতার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত আজও সমাজে অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার অনুপ্রেরণা জোগায়।

 

বক্তারা আরও বলেন, নজরুলের গান ও সাহিত্যচর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করা সম্ভব। এজন্য সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়মিতভাবে নজরুলচর্চার আয়োজন করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শ্রুতিনন্দন সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী বিভিন্ন গান পরিবেশন করেন। শিক্ষার্থীদের পরিবেশনায় স্বপ্নীল, রাইসা, আদ্রিতা, ঋত্বিকা, অথৈ প্রমুখের নজরুলসংগীত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

 

নজরুলের কালজয়ী সৃষ্টির সুরে মুখর হয়ে ওঠে বগুড়া জেলা পরিষদ মিলনায়তন। অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, সাংবাদিক, আইনজীবী, সংগীতশিল্পী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

নজরুল বর্ষকে ঘিরে এমন আয়োজন কবির সৃষ্টি ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।