শাজাহানপুরে ইয়াবা-ট্যাপেন্ডাডলসহ গ্রেপ্তার-৩
সুজন শাজাহানপুর প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ও ৭০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোহাইল ও খরনা ইউনিয়নের পৃথক জায়গায় দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে গোহাইল ইউনিয়নের গোহাইল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল।
এ সময় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফারুক হোসেন (৪০) ও মো. শাহাদত হোসেন (৩৪)কে গ্রেপ্তার করা হয়।
পরে ওই রাতে খরনা ইউনিয়নের খরনা বাঁশগাড়ী পূর্বপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশের আরেকটি দল।
এ সময় ৭০ পিস ট্যাপেন্ডাডল ও ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মধ্যম বয়স্ক এক নারীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পৃথক দুই ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্ডাডলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।