বগুড়ায় ডিবির অভিযানে মামলার এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের মাটিডালী এলাকায় পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি এবং এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন—মো. নাজমুল হুদা রাফিত (২১), উত্তর চেলোপাড়া এলাকার মো. আজাদ বেপারীর ছেলে এবং মো. হাছান আকন্দ (২৪), নিশিন্দারা চকরপাড়া এলাকার মো. বাদল আকন্দের ছেলে। তারা উভয়েই বগুড়া সদর থানার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে বগুড়া সদর থানার মাটিডালী উত্তরপাড়ায় জারা কার হাউসের বিপরীতে নিউ প্রাপ্ত মোটরসের সামনে বসে ছিলেন মো. মোকছেদুল হাসান (৩৮)। এ সময় পূর্বশত্রুতার জের ধরে ১০-১৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেল ও হাইসযোগে সেখানে আসে। তাদের হাতে পিস্তল, রামদা, হকিস্টিক ও লাঠিসহ দেশীয় অস্ত্র ছিল।
অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়ার পাশাপাশি পিস্তল দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে। পরে মোকছেদুল হাসানকে এলোপাতাড়ি মারধর এবং রামদা দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা মোছা. রেবেকা বেগম বাদী হয়ে গত ৬ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় মামলা করেন। মামলাটি দ্রুত বিচার আইনের সংশ্লিষ্ট ধারাসহ দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৪ ধারায় রুজু করা হয়।
মামলার পর বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া সদর থানার নিশিন্দারা চকরপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি মো. নাজমুল হুদা রাফিত ও মো. হাছান আকন্দকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বগুড়া সদর থানার বারোপুর মৌজায় ন্যাশনাল ফ্যান কোম্পানির মালিকানাধীন ৩২ বিঘা আমবাগান লিজ নেওয়াকে কেন্দ্র করে মামলার ভিকটিম মোকছেদুল হাসান ও এজাহারনামীয় আসামি রাফসানের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মো. হাছান আকন্দের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।