শাজাহানপুরে হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার-১
সুজন, শাজাহানপুর প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইনসহ মো. সোহেল মিয়া (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার দুবলাগাড়ী হাটের পূর্ব পাশে আল্লাহর দান ভ্যারাইটি স্টোরের সামনে তিনমাথা মোড় সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল মিয়া উপজেলার চোপিনগর স্কুলপাড়া এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে অভিযান পরিচালনা করছিল থানা পুলিশের একটি টিম।
এ সময় সন্দেহভাজন সোহেল মিয়াকে আটক করে তল্লাশি করা হয়।
তল্লাশিতে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার সোহেল মিয়ার বিরুদ্ধে এর আগেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে।
এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার সোহেল মিয়াকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান সর্বত্র অব্যাহত রয়েছে।