শাজাহানপুরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩
সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে পুলিশের পৃথক অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামি ও ২০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ফুলকোট সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আসামি সজীব আহম্মেদ (৩৫) ও মো. আসিফ সরকার (২৭)কে গ্রেপ্তার করে শাজাহানপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সজীব আহম্মেদ উপজেলার ফুলকোট সরদারপাড়া (বামনদিঘী) গ্রামের খাইরুল ইসলামের ছেলে এবং মো.আসিফ সরকার একই এলাকার বেলালুর রহমানের ছেলে।
একই রাতে পৃথক আরেক অভিযানে উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামে অভিযান চালিয়ে মোছা. পিয়ারা বেগম (৫৯) নামে এক নারীকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. আবুল কাশেমের স্ত্রী। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বগুড়া টাইমস কে জানান, মাদক মামলার বিজ্ঞ আদালতের জিআর নং-২৭৪/১৮-এর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে সজীব আহম্মেদ ও মো. আসিফ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে এক নারীকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।