নানার সম্পত্তির অংশ দাবি করে চার বোনকে প্রাণনাশের হুমকির অভিযোগ
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় নানার সম্পত্তির উত্তরাধিকার সূত্রে পাওয়া অংশ বুঝে নিতে গিয়ে চার বোনকে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী চার বোন।
ভুক্তভোগীরা হলেন—মোছা. জোবাইদা আক্তার, জুলেখা ইসলাম লুনা, সালমা সরকার ও যাবীন তাসনীন। তাদের দাবি, বগুড়া শহরের বড় মসজিদ লেন এলাকায় ‘দেলোয়ার খান মার্কেট’ নামে পরিচিত দোকানঘরসহ প্রায় এক শতক (৯৬ লিংক) সম্পত্তিতে তারা উত্তরাধিকার সূত্রে অংশীদার। তবে ওই সম্পত্তি বর্তমানে তাদের মামা ও মামাতো ভাইয়েরা জোরপূর্বক ভোগদখল করছেন।
লিখিত অভিযোগে চার বোন জানান, তাদের নানা আব্দুল খালেকের মৃত্যুর পর তার ওয়ারিশ হিসেবে দুই কন্যা—খালেদা খাতুন ও খন্দকার নিভা রহমান এবং পুত্র জাকির হোসেন খান সম্পত্তির উত্তরাধিকারী হন। এর মধ্যে তাদের মা খালেদা খাতুন উত্তরাধিকার সূত্রে ৯৬ লিংক সম্পত্তির মালিক হন এবং জীবদ্দশায় ওই সম্পত্তির ওপর থাকা দোকানঘর ভোগদখল করে আসছিলেন।
তাদের দাবি, মা খালেদা খাতুন মারা যাওয়ার পর তার চার মেয়ে উত্তরাধিকারী হন। ফলে ওই ৯৬ লিংক সম্পত্তিতে তারা আইনগতভাবে অংশীদার হলেও সম্পত্তিটি তাদের দখলে নিতে দেওয়া হচ্ছে না।
অভিযোগে আরও বলা হয়, নিজেদের ন্যায্য অংশ বুঝে নিতে তারা ওই সম্পত্তিতে গেলে মামা ও মামাতো ভাইয়েরা তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখান এবং সম্পত্তি নিতে গেলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।
ভুক্তভোগী চার বোন আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বিচার-শালিশের উদ্যোগ নেওয়া হলেও তারা কোনো কার্যকর প্রতিকার পাননি। পরে থানা-পুলিশের কাছেও সহযোগিতা চেয়েছেন বলে দাবি করেন তারা। কিন্তু এখন পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় গণমাধ্যমের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
তারা বলেন, “আমরা অত্যন্ত অসহায়। আমাদের নামে প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও ন্যায্য সম্পত্তির অংশ নিতে গিয়ে বারবার হুমকির মুখে পড়ছি। আমরা নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।”
ভুক্তভোগীদের দাবি, বিষয়টি তদন্ত করে সম্পত্তির বৈধ মালিকানা ও উত্তরাধিকারীদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।